ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২১, ৯:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। ওই সফরের বেশিরভাগ ক্রিকেটারই নেই বর্তমান দলটিতে। এমন অবস্থায় কন্ডিশন সম্পর্কে ক্রিকেটারদের ধারণা নিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচটিই একমাত্র অবলম্বন। ঝালিয়ে নেওয়ার সেই ম্যাচটিতে শনিবার জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যাটিং অনুশীলনটা ভালোই সেরেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অফ ফর্মে থাকা সাকিব আল হাসানের সঙ্গে রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, লিটন দাস ও মাহমুদউল্লাহ।
চোট সমস্যার কারণে ম্যাচটিতে খেলতে পারেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। অন্যদিকে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশেও রয়েছে মূল স্কোয়াডে বেশিরভাগ খেলোয়াড়। প্রস্তুতি ম্যাচে তামিম-মুশফিক না খেললেও একমাত্র টেস্ট ম্যাচ সামনে রেখে তারা দুজনই নেটে ব্যাটিং করেছেন পুরোদমে। আগামী দুই দিনে তাদের অবস্থার আরও উন্নতি হবে বলে জানা গেছে।
এদিকে দুই দিনের ম্যাচের প্রথম দিনে ব্যাটসম্যানরা দারুণ কাটিয়েছেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে বাংলাদেশ ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে। ওপেনিংয়ে নামা সাদমান ইসলাম ছাড়া সবাই কমবেশি রান পেয়েছেন। বাঁহাতি এই ওপেনার ৩০ বল খেলে কোনও রান করতে পারেননি। পেসার লুক জংউইর বলে জয়লর্ড গাম্বির হাতে ক্যাচ দেন সাদমান।
ঢাকা লিগে দারুণ ফর্মে থাকা সাইফ জিম্বাবুয়েতেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন। ৬৫ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে যান এই ক্রিকেটার। তার প্রতিটি শটই ছিল আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিংয়ে ভরপুর। ১০৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় সাইফ ৬৫ রানের ইনিংস খেলেন। সাইফের সঙ্গী হয়ে আপরপ্রান্তে থাকা শান্তও দারুণ ব্যাটিং করছেন। রান তোলায় তাড়াহুড়ো ছিল না। ১০৭ বলে ৫২ রান করেছেন ৭ চার ও ১ ছক্কায়। সাইফের মতো তিনিও স্বেচ্ছায় অবসরে যান।
এরপর মুমিনুল হক ও সাকিব মিলে নতুন করে শুরু করেন। মুমিনুল ধীরস্থিরভাবে খেললেও সাকিব ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন। মুমিনুল ৭৭ বলে ২৯ রান করে আউট হলেও সাকিব পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা।
নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রান পাননি সাকিব। এমনকি মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লিগেও অচেনা সাকিবকে দেখা গেছে। তবে শনিবার আক্রমণাত্মক ব্যাটিং করে ৫৬ বলে ১৪ চার ও ১ ছক্কায় খেলেছেন ৭৪ রানের ইনিংস। সাকিবকেও আউট করতে পারেননি জিম্বাবুয়ের কোনও বোলার।
সাকিব বিশ্রামের যাওয়ার পর লিটন দাসও ৩৭ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে যান। মাহমুদউল্লাহ ৪০ ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ব্যাটসম্যানদের ছন্দময় ব্যাটিংয়ে ৯০ ওভারে বাংলাদেশ দল ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩১৩ রান।