ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২১, ৭:২৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

আপডেট টাইম : জুন ২৮, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামীর উপর অভিমান করে সুমেনা আক্তার (২২) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

রবিবার বিকেলে তিনি বিষপান করলে রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সুমেনা মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের আব্দুল মিয়ার স্ত্রী ও মাঝেরছড়া গ্রামের ছমির মিয়ার মেয়ে।

জানা যায়, গত রবিবার দুপরে স্বামী আব্দুলের সাথে ঝগড়া করে মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে আসেন গৃহবধূ সুমেনা। মাধবপুর বাজার এলাকায় গেলে বিকেলের কোনো এক সময় মায়ের চোখের আড়ালে বিষপান করেন তিনি। পরে সেখান থেকে গৃহবধূর মা তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।

গৃহবধূর মা জানান, তার মেয়ে কিছুদিন ধরে স্বামীর সাথে ঝগড়া করে আসছেন। স্বামী তাকে বিভিন্ন সময় মারধর করতো। এসব কষ্ট সইতে না পেরেই তার মেয়ে বিষপান করেছে। পরে তিনি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে জানতে চাইলে গৃহবধূর স্বামী আব্দুল মিয়াকে পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন