ডেস্ক রিপোর্ট
২৩ মে ২০২১, ৬:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: প্রথম ওয়ানডেতে বাংলাদেশের তুলনায় আত্মবিশ্বাসী সূচনা ছিল শ্রীলঙ্কার। স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ ওভারে তারা তুলে ফেলে ৩০ রান। লঙ্কানদের আত্মবিশ্বাসী সূচনায় আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা ৮ ওভারে ৪১ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট।
জয়ের লক্ষ্যে শুরুতে স্পিন আক্রমণে শুরু করে বাংলাদেশ। মেহেদী মিরাজ শুরুতে সাফল্য পাননি যদিও। অপরপ্রান্তে মেরে খেলার দিকে মনোযোগী ছিলেন ওপেনার গুনাথিলাকা। ১৯ বলে ৫টি চারে ২১ রান তুলেছিলেন। অধিনায়ক কুশল পেরেরা অবশ্য ধীরে চলো নীতিতে খেলতে থাকেন। আক্রমণাত্মক গুনাথিলাকা শেষ পর্যন্ত মেরে খেলতে গিয়েই বিপদ ডেকে আনেন পঞ্চম ওভারের শেষ বলে। মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে লঙ্কান ওপেনার ফেরেন ২১ রানে।
এর পর বল করতে আসেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর জাতীয় দলে বোলিংয়ে নেমে উইকেটও তুলে নেন কাটার মাস্টার। নিসাঙ্কাকে আফিফের ক্যাচ বানান তিনি। পেরেরা ব্যাট করছেন ১০ রানে।
এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে করেছে ২৫৭ রান। সবচেয়ে বড় জুটিই গড়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ১০৯ রানের জুটি গড়েন দুজন। মুশফিক খেলেছেন ৮৪ রানের সর্বোচ্চ ইনিংস।
লঙ্কানদের হয়ে ৪৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিযেছেন ধনাঞ্জয়া। একটি করে নিযেছেন দুষ্মন্থ চামিরা, দানুশকা গুনাথিলাকা ও লাকসান সান্দাকান।