ডেস্ক রিপোর্ট
২১ মে ২০২১, ২:৩২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: টানা ১১ দিন ফিলিস্তিনের গাজাকে রক্তাক্ত জনপদে পরিণত করা ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
আনুষ্ঠানিক এই ঘোষণার আগে মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসলামী জিহাদের (পিআইজে) সঙ্গে ইসরায়েল এ যুদ্ধবিরতিতে মত দিয়েছে বলে জানানো হয়। এ ছাড়া যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহল থেকেও বার বার অনুরোধ করা হচ্ছিল।
ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ জনই শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে হামাসের রকেট হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলিরও।
এর আগে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস বলেন, ‘দুনিয়াতে যদি নরক থেকে থাকে, তবে সেখানে বাস করছে গাজার শিশুরা।’
সূত্র : আল-জাজিরা, হারেজ নিউজ, জেরুজালেম পোস্ট