ডেস্ক রিপোর্ট

১৬ মে ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ

ইনসেপ্টাকে টিকা তৈরির অনুমোদন দেয়া হয়নি, জানাল ঔষধ প্রশাসন

আপডেট টাইম : মে ১৬, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের জন্য ‘ঔষধ প্রশাসন অধিদফতর’ অনুমতি দিয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

এ প্রসঙ্গে জানতে চাইলে রোববার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বলেন, ‘এমন কোনো অনুমোদন আমরা দেই নাই। এটি ভুল নিউজ। এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’ কারও কাছে তিনি এ ধরনের কোনো কথা বলেননি বলেও দাবি করেন।

সোমবার (১৭ মে) এ ব্যাপারে কোনো প্রেস কনফারেন্স আছে কি-না জানতে চাইলে ‘সেইটা, আমি যতটুকু বললাম সেটুকুই বলেন’ বলে তিনি সংযোগ কেটে দেন।

এদিকে, দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমোদন দিয়েছে ‘ঔষধ প্রশাসন অধিদফতর’। চলতি মাস থেকে দেশেই সিনোফার্মের টিকা উৎপাদন শুরু হবে। সোমবার অধিদফতর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।

ঈদের তৃতীয় দিন রোববার দুপুরের পর থেকে এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য-উপাত্ত ঘুরতে থাকে। দু-একটি অনলাইন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়।

তবে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কিছুই জানে না স্বাস্থ্য অধিদফতর। রোববার সন্ধ্যায় অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের কাছেও একই বিষয়ে জানতে চাইলে বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি তারা (স্বাস্থ্য অধিদফতর) এখনো পাননি।

তিনি বলেন, ‘ঔষধ প্রশাসন অধিদফতর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন একটি পৃথক সংস্থা। তারা অনুমতি দিলে প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তারা জানতে পারেন।’ সন্ধ্যা পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন।

সম্প্রতি ‘ঔষধ প্রশাসন অধিদফতর’ জানিয়েছিল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে টিকা উৎপাদনে অনুমতি দেয়া যায় কি-না তা প্রাথমিক সক্ষমতা যাচাইয়ে সিদ্ধান্ত নিয়েছে টিকা সংগ্রহ ও বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত কমিটি।

এছাড়া রেনেটা এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস রাশিয়ার টিকা উৎপাদনের অনুমতি চেয়ে ‘ঔষধ প্রশাসনের’ কাছে আবেদন করে।

এদিকে গত বুধবার (১২ মে) ভোর ৫টা ৩১ মিনিটে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটে চীন সরকারের উপহার হিসেবে দেয়া পাঁচ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

রোববার দুপুর ২টায় স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘চীনের সঙ্গে সিনোফার্ম টিকার যে আলোচনা তা ফলপ্রসূভাবে এগিয়ে চলছে। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে আশার খবর শোনাতে পারবো।’

শেয়ার করুন