ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২১, ৫:০৩ অপরাহ্ণ

‘সঙ্কট নিরসনে’ মার্কিন দূত ইসরায়েলে গেলেন

আপডেট টাইম : মে ১৫, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েল ও ফিলিস্তিনের গাজার মধ্যকার ‘সঙ্কট নিরসনের উদ্দেশ্যে’ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হাদি আমর শুক্রবার তেল আবিবে পৌঁছেছেন।

হাদি আমর ইসরায়েলি, ফিলিস্তিনি ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ‘দীর্ঘমেয়াদী শান্তি’ প্রতিষ্ঠার চেষ্টা করবেন। খবর বিবিসির।

এদিকে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় গত সোমবার থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯২০ জন। এর মধ্যে শুক্রবার হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর হাতে ১১ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের প্রতি টিয়ার গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলি ছোড়ে এবং ফিলিস্তিনিরা ইট-পাটকেল ও পেট্রোল বোমা ছোড়ে।

শনিবার ফিলিস্তিনিরা ‘আল-নাকবা’ দিবস পালন করবে, যার অর্থ- বিপর্যয়। এই দিন তারা ১৯৪৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর হাজার হাজার ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার ঘটনাকে স্মরণ করবে।

শনিবারও ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ও কট্টরপন্থী ইহুদিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে দফায় দফায় যাতে অধিকাংশই ফিলিস্তিনিরা আহত হন। ফিলিস্তিনিদের ওপর এসব হামলার জবাবে হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর ইসরায়েল গাজায় ব্যাপকভাবে বিমান হামলা শুরু করে। ইসরায়েল হামাস নেতাদের দমন করতে এসব হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এতে নিরীহ বেসামরিক ফিলিস্তিনিরাই বেশি নিহত হচ্ছেন।

শেয়ার করুন