ডেস্ক রিপোর্ট
১২ মে ২০২১, ৭:১৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মায়ানমারের গণহত্যা এবং সামরিক জান্তা কর্তৃক স্বাধীন চিন্তার ও গণতন্ত্রকামী কবি খেট থি’র হত্যার প্রতিবাদে কবিতা পাঠ এবং সমাবেশ করেছেন কবি সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মীরা। আজ বুধবার (১২ মে) বিকাল ৪ টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কবি সৈকত আমীনের সঞ্চালনায় সমাবেশে কবিতা পাঠ করেন কবি এম এইচ শিকদার, কবি শোয়াইব আহমেদ, কবি রহমান মফিজ, কবি জাহিদ জগৎ, কবি ও রাজনৈতিক কর্মী সোহেল তারেক, ‘কবিতার রাজপথ’ এর সম্পাদক কবি মনির ইউসুফ, কবি সজিব তুষার, কবি তারেকুজ্জান সহ আরো অনেকে।
সমাবেশে সংহতি বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রগতি লেখক সংঘের সহ সাধারণ সম্পাদক অভিনু কিবরিয়া ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায়।
সমাবেশে বক্তারা বলেন যে, মায়ানমারের গণতন্ত্রকামী জনতা এবং কবি-শিল্পী- সাহিত্যিকদের উপর সামরিক জান্তার নিরবিচ্ছন্ন দমন পীড়নে বিশ্ব হতবাক। প্রতিদিন গুম খুন দেশটির বর্বর চিত্রকে হাজির করছে বিশ্বের সামনে। অথচ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ রাষ্ট্র এখনো পর্যন্ত নীরব। মুক্তিযুদ্ধের চেতনা ও নীতির শর্তে বাংলাদেশের উচিত ছিল মায়ানমারের গণতন্ত্রকামী মানুষের পক্ষে অবস্থান নেওয়ার। সে সংগে সামরিক জান্তার প্রতি নিন্দা ও অনাস্থা জ্ঞাপন করা। কিন্তু রাষ্ট্র এই বিষয়ে নিশ্চুপ থেকে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পক্ষে তার অবস্থান স্পষ্ট করল। গত কয়েক বছরে গণতন্ত্র, মুক্ত বাক এর পক্ষে কথা বলতে গিয়ে রাষ্ট্রীয় দমন পীড়ন ও হত্যার শিকার হতে হয়েছে এ দেশের প্রগতিকামী লেখক- বুদ্ধিজীবী- সাহিত্যিক- শিল্পী-কর্মী ও সাধারণ মানুষদেরকেও। সর্বসম্প্রতি বাঁশখালীতে বেতন ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের গুলি করে হত্যা এবং গাজীপুরে শ্রমিকদের উপর গুলি চালিয়ে মানুষের ন্যায্য অধিকারকে পদদলনের নীতিতে হাঁটছে সরকার।
বক্তারা আরও বলেন যে, মিয়ানমারের কবি খেট থি কে হত্যা এবং জেলবন্দী অবস্থায় এদেশের লেখক মুশতাক আহমদেকে হত্যা একই রাষ্ট্রীয় নীতির প্রতিফলন ঘটায়।