ডেস্ক রিপোর্ট
১০ মে ২০২১, ১১:৫০ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: লকডাউনে কর্মহীন ও ছিন্নমূল মানুদের জন্য একবেলা খাবারের কর্মসূচি বাসদের ‘কমিউনিটি কিচেন’ এর ২৬ তম দিনে আজ কুতুবপুর ইউনিয়নের রসুলপুরে দলের কার্যালয়ে কর্মহীন, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস।
এসময়ে উপস্থিত ছিলেন বাসদ পাগলা আঞ্চলিক শাখার সমন্বয়ক এস এম কাদির, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের আঞ্চলিক শাখার সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক গোলাম রব্বনী।
নিখিল দাস বলেন, লকডাউনে বিপদে পড়েছে দিনমজুর শ্রেণির মানুষ। লকডাউনে এ মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে। বর্তমানে অনেক কিছু চালু হলেও গণপরিবহন বন্ধ। যখন সর্বাত্মক লকডাউন ছিল তখন দিন আনে দিন খায় এমন প্রায় ৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এদের জন্য সরকার প্রয়োজনীয় প্রণোদনা না দিয়ে লকডাউন ঘোষণা করায় মানুষগুলো বিপদগ্রস্থ হয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন প্রয়োজন, কিন্তু তার জন্য নিম্ন আয়ের মানুষের খাবার জোগান নিশ্চিত করা প্রয়োজন ছিল। খাবার না দিয়ে জোর করে মানুষকে ঘরে আটকানো সম্ভব নয়।
তিনি বলেন, লকডাউনে কর্মহীন, ছিন্নমূল মানুষদের জন্য বাসদের একবেলা খাবারের কমিউনিটি কিচেন আজ ২৬ দিন যাবৎ চলছে, যতদিন লকডাউন থাকবে এ কার্যক্রম অব্যহত থাকবে। বাসদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিও চলছে।