ডেস্ক রিপোর্ট
৬ মে ২০২১, ৯:১৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রংপুরে অভিযান চালিয়ে দুই কোটি ১৬ লাখ টাকার জাল ব্যান্ডরোল জব্দ করেছেন কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। এ সময় মাইক্রোবাসসহ দুজনকে আটক করা হয়।
বুধবার (৫ মে) রাতে নগরীর মাহিগঞ্জ সাতমাথার চায়না মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়ার গোকুল সরকার পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মনতাজুর রহমান (৩৫) ও একই জেলার সদর সুলতানগঞ্জ পাড়ার মৃত মনতাজ উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫)।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে রংপুর ভ্যাট কমিশনার শওকত আলী সাদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনার মধ্যেও দীর্ঘদিন ধরে একটি চক্র রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন বিড়ি কারখানায় জাল ব্যান্ডরোল সরবরাহ করে আসছে। রাজস্ব ফাঁকি রোধ ও চক্রকে চিহিৃত করতে কমিশনারেটের নিবারক দল কাজ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নিবারক দল নজরদারি বৃদ্ধি করে। বুধবার রাতে নিবারক দল রংপুরের চায়না মোড়ে অবস্থান নেয়। এসময় বগুড়া থেকে একটি মাইক্রোবাস চায়না মোড়ে আসার পর নিবারক দলের সদস্যরা তা তল্লাশি করে প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল আটক করা হয়, যার মূল্য দুই কোটি ১৬ লাখ টাকা। এসময় মাইক্রোবাস ও মাইক্রোবাসের চালকসহ দুজনকে আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলার পর পুলিশে দেয়া হয়েছে।