ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

মহান মে দিবসে নারায়ণগঞ্জে শ্রমিক ফ্রন্টের শ্রমিক সমাবেশ ও মিছিল

আপডেট টাইম : মে ১, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: ১৩৫ তম মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ৯ টায় আলী আহম্মেদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের সামনে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শ্রমিক সমাবেশ ও পরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে কৃষি, শিল্প ও সেবা খাত মিলে ৬ কোটি ৮০ লাখ শ্রমিক দিনরাত পরিশ্রম করেও নিজেদের দারিদ্র্য দূর করতে পারছে না অন্যদিকে কয়েক লক্ষ কোটিপতির জীবনে বিলাসিতার শেষ নেই। শ্রমিকদেরকে শোষণ করেই তাদের এই সম্পদের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা সচেতন হলে এই অন্যায় শোষণের বিরুদ্ধে তারা লড়বে, এটা মালিকরা জানে। সে কারণে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার পথে নানা জটিলতা সৃষ্টি করে রেখেছে। শ্রম আইন, বিধিমালা, প্রশাসন, পুলিশ, মাস্তান, শ্রমিকনেতা নামধারী একদল দালালদের ব্যবহার করে মালিক পক্ষ
শ্রমিকদের সংগঠিত হতে বাধা দেয়। কারণ, সংখ্যায় বেশি হলেও অসংগঠিত শ্রমিক সবসময় দুর্বল ও অসহায়। মে দিবস এই শিক্ষা দেয়Ñশ্রমিকের দাবি যতই ন্যায্য হোক না কেন, লড়াই করা ছাড়া তা আদায় করা যায় না। মালিক এবং পুঁজিবাদী রাষ্ট্রের কাছে দয়া বা করুণা চেয়ে অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। সাধারণ মানুষের উপর পুঁজির মালিকের শোষণ উচ্ছেদ করেই কর্মঘণ্টা কমানো এবং ন্যায্য মজুরির দাবি আদায় করতে হবে।

নেতৃবৃন্দ বাঁশখালীতে এস. আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে গুলি করে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, শ্রমিকদের আর্মি রেটে রেশন ও বিনামূল্যে চিকিৎসা প্রদান, করোনাকালে কর্মরত শ্রমিকদের ঝুঁকি ভাতা প্রদান, বাজার দর ও মাথাপিছু আয় বিবেচনা করে জাতীয় ন্যূনতম মজুরি কমপক্ষে ২০ হাজার টাকা ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়ন, শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিল, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের আইন প্রণয়ন করার দাবি জানান।

নেতৃবৃন্দ মে মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও পূর্ণ বোনাস প্রদানের দাবি করেন।

শেয়ার করুন