ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ

জয়পুরহাটে বিপণী বিতানে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মানছে না কেউ

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

রাশেদ ইসলাম, জেলা প্রতিনিধি:: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রামন ঠেকাতে সরকারিভাবে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও এ নির্দেশনা মেনে চলছে না ক্রেতা বিক্রেতা দুজনেই। বেশিরভাগ মানুষ শপিংমল, মুদিখানাসহ বিভিন্ন বাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেশি লক্ষ করা যায়।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শহরের বাটারমোড়, পূর্ববাজার, কেন্দ্রীয় মসজিদ মার্কেট, নিউমার্কেট কাপড়ের দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে ক্রেতাদের কেনাকাটা করতে দেখা গেছে। নূন্যতম স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র দেখা যায় নি।

কেন্দ্রীয় মসজিদ মার্কেটে আসা এক ক্রেতা বলেন, লকডাউনে অনেকদিন বাইরে বের হননি তিনি। মার্কেট খোলা হয়েছে জেনে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে এসেছে। সামনে ঈদ তাই মার্কেটে মানুষের অনেক ভিড়, প্রচন্ড গরমে এত ভিড়ের মধ্যে দূরত্ব মেনে কেনাকাটা করা কঠিন।

মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে দোকান ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, “ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নির্দেশনা জারি করা হল, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।‘

পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব জানান, সরকারি ঘোষনা মতে স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে দোকান চালু করা হয়েছে। দোকানের সামনে হ্যান্ড সেনিটাইজার রাখা হয়েছে। দোকানীরা ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয় করারা জন্য অনুরোধও জানাচ্ছে। তারপরেও ক্রেতারা তার প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করতে ভিড় জমাচ্ছে।

এদিকে, মানুষের ভিড় নিয়ন্ত্রণে প্রশাসন রয়েছে তৎপর। তারপরেও বাজারের অনেক দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনাকাটা। তারা কিছুতেই করোনা বিষয়ে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিচ্ছেন না। ফলে বাজারগুলো করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এবিষয়ে জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রামন ঠেকাতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম আমাদের অব্যাহত আছে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন কেনাবেচা করা হয় সেজন্য বাজারগুলোতে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচারনা চালানো হচ্ছে।

শেয়ার করুন