ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ৮:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কক্সবাজার জেলায় করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে জেলা পুলিশ।
রবিবার দুপুরে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এই মানবিক সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ শ্রমজীবী, শারীরিক প্রতিবন্ধী ও দুস্থ নারী-পুরুষের মাঝে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ বড়ুয়া, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, অসচ্ছল করোনা রোগী অথবা করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারযুক্ত ফ্রি এই মানবিক সেবা চালু করা হয়েছে।